সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৩১ পরিবার পেল ছাগল উপহার

সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারিয়ে সংকটের মুখে পড়া ৩১টি পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'ইয়ুথ ফর বাংলাদেশ'। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় এক অনুষ্ঠানে এই পরিবারগুলোর প্রত্যেককে দুটি করে ছাগল বিনা মূল্যে প্রদান করা হয়।

উপকারভোগী পরিবারগুলো মূলত শ্যামনগর উপজেলার গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন এবং খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাগল পালনের মাধ্যমে এই পরিবারগুলোর আয় বৃদ্ধি করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মহাসিন উল হাকিম, ইউপি সদস্য ফরিদা খাতুন ও জি এম মুনজুর হোসেন এবং ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন। বাঘের আক্রমণে নারীরা শুধু স্বামীই হারাননি, বরং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দীর্ঘস্থায়ী সংকটে পড়েন। তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ বলে উল্লেখ করে বক্তারা আরও বলেন, এসব বাঘ বিধবা পরিবারের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী ও টেকসই উদ্যোগ গ্রহণ করা জরুরি।

এদিকে, উপহার হিসেবে ছাগল পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন। তারা জানান, এই সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধিতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।