সোনারগাঁয়ে মহাসড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। তিনি জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশের সওজের জায়গা দখল করে রেখেছিলেন। সেখানে টং-ঘরসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা তৈরি করে তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দেন। এসব অবৈধ দোকানপাট থেকে প্রতি মাসে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার আরও উল্লেখ করেন, এই অবৈধ স্থাপনাগুলোর কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। জনস্বার্থ বিবেচনা করে সওজের জায়গায় গড়ে ওঠা এই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।