নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থাগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সিংড়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সরকার সমাজের অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরও জানান, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধিত এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি অনুদান অসহায় মানুষের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই অর্থ এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যের প্রয়োজন পূরণে কাজে লাগাতে হবে। এছাড়া পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে সরকারি অনুদানের আওতায় সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে চেক বিতরণের পাশাপাশি দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝেও সহায়তা প্রদান করা হয়। এ সময় সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

