শিবগঞ্জে ৯ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে মো. আতাউর রহমান (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল হকের ছেলে মো. নুরুল ইসলাম বাবু (৪২)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে মধ্যবাজারের পাকা সড়কে তাদের আটক করা হয়।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত হেরোইন পরবর্তীতে ধ্বংস করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদক ও চোরাচালান বিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।