সাতক্ষীরার কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনায় বিপুল পরিমাণ মৌমাছি, মৌচাক ও মধু নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন শ্যামনগর উপজেলার হরিণনগর গ্রামের মৌচাষি মোঃ জাহাঙ্গীর আলম। ভুক্তভোগী এ বিষয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধু সংগ্রহের উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর বুধবার মাগুরা থেকে রানি মৌমাছি নিয়ে রওনা হন জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার রাতে তিনি কলারোয়া উপজেলার মীরডাঙ্গা গ্রামে পৌঁছান এবং ইমামুল ইসলামের আমবাগানে অস্থায়ী মৌ-খামার স্থাপন করেন। সেখানে ২৮০টি বাক্স বসিয়ে তিনি নিবিড় পরিচর্যা ও পাহারা দিচ্ছিলেন। গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা থেকে ভোর ৬টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাক্সগুলো পাশের দুটি পুকুরের পানিতে ফেলে দেয়। সকালে খামার মালিক দেখতে পান, পানিতে ডুবে রানি মাছিসহ সব মৌমাছি মারা গেছে এবং বাক্সগুলো সম্পূর্ণ বিনষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত মৌচাষি জাহাঙ্গীর আলম বলেন, 'শুক্রবার সারাদিন যখন বাক্সগুলো স্থাপন করছিলাম, তখন কেউ কিছু বলেনি। শনিবার সকালে উঠে দেখি সব শেষ। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।' তিনি আরও জানান, প্রতিটি বাক্সে থাকা মৌমাছির বাজারমূল্য ৬ হাজার ৫০০ টাকা হিসেবে ২৮০টি বাক্সে থাকা মৌমাছির দাম প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা। এছাড়া খাদ্য ও পরিচর্যা বাবদ আরও প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছিল। তিনি বলেন, 'শত্রুতা করে আমার এই সব শেষ করে দেওয়া হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে রাস্তায় বসে গেছি।'
এ ঘটনায় স্থানীয় জমির মালিক ইমামুল ইসলাম, মহিদুল ইসলাম ও ইমরান হোসেনসহ এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। বাংলাদেশ বিকিপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী ১২ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১:০০ টা থেকে ভোর ৬:০০ টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমবাগানে থাকা মৌমাছির ২৮০টি বাক্স পাশের দুটি পুকুরের পানিতে ফেলে দেয়।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি ঘটেছে ১১ তারিখ রাতে।

