শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশ ছেড়েছেন। তিনি আর দেশে ফিরতে পারবেন না মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু এ দেশে হবে না।’

মঙ্গলবার বরগুনায় এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এসব কথা বলেন তিনি। দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বেলা একটার পর কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় এনসিপির নেতারা বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান। শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে সারজিস আলম সতর্ক করে বলেন, অপরাধীদের দলীয় পরিচয় বা পদ দেখে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হতে পারে। তিনি সাম্প্রতিক সময়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার বিষয়টি উল্লেখ করেন। এ ঘটনায় বিএনপির কোনো ভূমিকা না থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং হামলায় জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করেন সারজিস আলম। এছাড়া তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার ওপর জোর দেন তিনি। সারজিস আলম জানান, জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সাংগঠনিকভাবে তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন যে, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারবে না। সভার অন্যান্য অংশে স্থানীয় নেতা-কর্মীরা দেশের রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কার্যক্রম ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।