মাদারীপুরে শিশু বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে নিহত ১

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আবদুস সালাম (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আবদুস সালাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে এবং তিনি শিবচর থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর থানার একটি পিকআপ ভ্যান মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে ফেরার পথে পখিরা এলাকায় পৌঁছায়। এ সময় সড়কে সাত বছর বয়সী শিশু ইমা আক্তার এবং তার বাবা ইব্রাহিম সরদারকে (৩০) অবস্থান করতে দেখে তাদের রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে যায় এবং নিচে চাপা পড়ে গুরুতর আহত হন পুলিশ সদস্য আবদুস সালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের মাদারীপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।