নাটোরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি গুরুদাসপুর উপজেলার কাছারিপাড়া এলাকার বাসিন্দা রবিউল করিম মিস্ত্রির ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথিমধ্যে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরিহিত দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে তাঁকে ধাওয়া করে।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয় এবং পিজি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

