পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় শিক্ষার্থী নাসরিন নাহার গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ আগস্ট পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ নাসরিন নাহারের বয়স ১৮ বছর এবং তিনি উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ। পারিবারিকভাবে জানা যায়, ২০২৫ সালের ২ মে উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীনের সঙ্গে তার বিয়ে হয়। তিনি স্থানীয় আমান উল্লাহ কলেজে এইচএসএ (বিএম শাখা) বিভাগে অধ্যয়নরত ছিলেন।
ঘটনার দিন ৯ আগস্ট সকালে নাসরিন তার শ্বশুরবাড়ি থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমান উল্লাহ কলেজের পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাননি এবং এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের পর তার শাশুড়ি মনোয়ারা বেগম ওইদিন ভাণ্ডারিয়া থানায় ৩৮০ নম্বর জিডিটি দায়ের করেন। ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে জিডি করার পর পুলিশ তাকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে। চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

