নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানাধীন কাশিপুর হাজীপাড়া এলাকার মালেহা মহিলা মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাদরাসার ছাদে কয়েকজন ছাত্রী খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়।
মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান জানান, সাধারণত ছাত্রীরা ছাদে খেলাধুলা করে না। তবে বিকেলে কয়েকজন শিক্ষার্থী ছাদে গেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি আরও জানান, একই সময়ে মাদরাসার নিচতলায় একটি গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে গ্যাসের রাইজার বিস্ফোরণের সঙ্গে ছাত্রীদের কোনো সম্পৃক্ততা নেই এবং এই বিস্ফোরণের কারণ ফায়ার সার্ভিস তদন্ত করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী, শিক্ষার্থীরা আখ নিয়ে খেলার সময় সেটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে স্পার্ক তৈরি হয়, যা থেকে এই দুর্ঘটনা ঘটে। তিনি নিশ্চিত করেছেন যে, গ্যাসের রাইজারটি নিচতলায় ছিল এবং ছাত্রীরা তিনতলার ছাদে দুর্ঘটনার শিকার হয়েছে। গ্যাসের বিস্ফোরণের বিষয়টি আলাদাভাবে তদন্ত করা হচ্ছে।

