মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর ওপর ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় পাঁচ বছর আগে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন না হওয়ায় সেতুটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে। কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল চলে যাওয়ায় তাদের কার্যাদেশ বাতিলের পাশাপাশি তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৮ সালে রাজাপুর পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৯৯ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা। এর মধ্যে ৩৪ কোটি টাকা ব্যয়ে সিলেটের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান জন্মভূমি-ওয়াহিদুজ্জামান ২০২১ সালের জুন মাসের দিকে সেতুর মূল নির্মাণকাজ সম্পন্ন করে।
অন্যদিকে, ২০২০ সালে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কার্যাদেশ পায় সিলেটের আরেকটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল। চুক্তি অনুযায়ী ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। তবে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতার কারণে কাজের মেয়াদ তিন দফায় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। এত সময় পাওয়ার পরেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শেষ করতে পারেনি এবং সর্বশেষ ছয় মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।
সংযোগ সড়কের কাজ অসমাপ্ত থাকায় সেতুটি স্থানীয় মানুষের কোনো কাজে আসছে না। ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় বাসিন্দা বুরহান উদ্দিন জানান, সংযোগ সড়ক বেহাল থাকায় রোগীদের যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তিনি দ্রুত সময়ের মধ্যে সড়কের অসমাপ্ত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের সাইট ইঞ্জিনিয়ার রাহাত ইসলাম মোবাইল ফোনে জানান, কাজ বাতিলের বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, এ বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সড়ক বিভাগের কর্মকর্তারা ভালো বলতে পারবেন।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আল-আমিন জানান, দীর্ঘ ছয় মাস কাজ বন্ধ রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরে কার্যাদেশ বাতিলের সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। বর্তমানে প্রকল্পের কাজের অগ্রগতি ৫১ শতাংশ। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, গাফিলতির কারণে কার্যাদেশ বাতিল ও তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, সড়ক ও জনপথ বিভাগ পুনরায় দরপত্র আহ্বান করে কাজ শুরু করবে।

