সারিয়াকান্দিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন

বগুড়ার সারিয়াকান্দিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া এই শোভাযাত্রায় মদন মোহন মন্দির ও শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি নিজ নিজ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ঐতিহ্যবাহী সাজে অংশ নেন।

শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি অরুণাংশ কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (ফুল), পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, মদন মোহন মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লিখন কুমার সাহা, বগুড়া জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, মদন মোহন মন্দিরের সাধারণ সম্পাদক অমল কান্ত সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি উত্তম কুমার সাহা, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, প্রণব রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরাঞ্জন সরকার, শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের সভাপতি সুনীল কুমার প্রামাণিক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সমীর কুমার প্রামাণিক (শিপলু) প্রমুখ।