গাজীপুরে অস্ত্রসহ চাঁদাবাজ রাসেল রানা গ্রেপ্তার

গাজীপুরের জয়দেবপুরে একটি বিশেষ অভিযান চালিয়ে মো. রাসেল রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পৌনে পাঁচটার দিকে ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় তার বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। যৌথ এই অভিযানে অংশ নেয় এসআরবি-১, সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ উত্তরা ঢাকার আভিযানিক দল।

অভিযানকালে রাসেল রানার শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দেব জিৎ পাল রাত ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার রাসেল রানা দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠানকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্র প্রদর্শন করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার মতো অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। রাসেল রানা গাজীপুর সদর উপজেলার জানাকুর গ্রামের আসাদ উল্লার ছেলে।

উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস, এগুলো রাখার উদ্দেশ্য এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখছে এসআরবি-১। বর্তমানে তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।