বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই পদক্ষেপের ফলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়লে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

