ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই ছাত্রী গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের কৌশলের শিকার হয়। অভিযোগ রয়েছে, তাকে স্থানীয় একটি বাগান এলাকায় নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে যে, ঘটনার সময় অপরাধীরা ভিডিও ধারণ করেছিল।

ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি—রাহাত, সিয়াম ও ইমনকে গ্রেপ্তার করে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।