সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বাজারের বিশ্বাস সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ড শুরু হয়। এতে দোকান ও গোডাউনসহ মোট আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের অন্যান্য দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের তুলার গোডাউন, লেপ-তোষকের দোকান এবং বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মিলন হোসেনের ফ্রিজের গোডাউন, জহুরুল ইসলামের ভাই সাখাওয়াতের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মিলন শেখ, সফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মামুন, আরিফুল এবং আলহাজ্ব মো. মাজহারুল ইসলাম। এদের মধ্যে মাজহারুল ইসলামের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তুলা, লেপ-তোষক, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রপাতি ও মোটরসাইকেলসহ পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আটটি ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করা যাবে।
