মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি বলেছেন, মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। এই লক্ষ্য অর্জনে রাজশাহী রেঞ্জের ৭১টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) নিয়ে তিনি বিশেষ ওয়াদা করিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মীর আশরাফ আলী আরও বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। পাবনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পাবনা এ দিক দিয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
অপরাধ দমন ও তদন্তের ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, অপরাধ প্রতিরোধে বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করা অত্যন্ত জরুরি। প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা বসানো উচিত, যাতে বাড়ির আঙিনার পাশাপাশি সামনের রাস্তার দৃশ্যও ধারণ করা সম্ভব হয়। তিনি জানান, যেসব মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রেই সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে মীর আশরাফ আলী বলেন, সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। তিনি পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোকেও গণমাধ্যমে তুলে ধরার অনুরোধ জানান। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আন্তরিক সম্পর্ক থাকা প্রয়োজন। রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।
মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

