কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার

কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে। অভিযানে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সদরের পাওয়ার হাউজসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি নির্মাণাধীন ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল্লাহর মালিকানাধীন তিনতলা ওই ভবনের নিচতলায় তল্লাশি চালিয়ে আশিক মোমেন মেহেদীর দখলে থাকা একটি কাঠের বক্স খাটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম পানখালী এলাকার শামসুল আলমের ছেলে আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং একই এলাকার জাফরুল ইসলামের ছেলে সায়মুন সরোয়ার (১৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সায়মুনকে ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করেছে।

উদ্ধার হওয়া ৯০ হাজার ইয়াবার মধ্যে আটটি প্যাকেটে ৮০ হাজার এবং পাঁচটি প্যাকেটে ১০ হাজার ইয়াবা ছিল, যার মোট ওজন ৮ কেজি ৩৭০ গ্রাম। মাদক বিক্রির উদ্ধার হওয়া নগদ টাকার মধ্যে ১ হাজার টাকার ২ হাজার ৪৭৭টি নোট, ৫০০ টাকার ১ হাজার ৮০৭টি নোট, ২০০ টাকার ৪০০টি নোট, ১০০ টাকার ৫০০টি নোট এবং ৫০ টাকার ২০৬টি নোট রয়েছে।

এ ছাড়াও অভিযানে গ্রেপ্তার তিনজনের ব্যবহৃত তিনটি মুঠোফোন, ইয়াবার প্যাকেটের সঙ্গে মিল থাকা তিনটি খালি প্যাকেট, একটি তালা ও তিনটি চাবি জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।