চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশি হেফাজত থেকে হ্যান্ডক্যাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে একই দিন দুপুরে চুয়াডাঙ্গা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু সিদ্দিককে (৭০) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চন্ডিপুর গ্রামের তরিবত মন্ডলের ছেলে আবু সিদ্দিক (৭০), রবি হালদারের ছেলে লক্ষন (৩৮), সেলিমউদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (১৯), হারুন অর রশিদের ছেলে ফরহাদ হোসেন (১৯), সঞ্জিত হালদারের স্ত্রী সোনালি হালদার (৩০), সঞ্জয় হালদারের স্ত্রী কনা রানী (২৫), মো. খোকনের স্ত্রী নাসিমা বেগম (৪০), সদর মন্ডলের ছেলে আলম বাদশা (৫৫) এবং হরেন হালদারের ছেলে ফুলন হালদার (৩২)।
দর্শনা থানার এসআই মোল্লা আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে আবু সিদ্দিককে আটক করা হয়। এসময় স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় আবু সিদ্দিক হ্যান্ডক্যাফসহ পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার রাতেই পুলিশ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আবু সিদ্দিককেও আসামি করা হয়েছে।

