ভোলার চরফ্যাশন উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে চরফ্যাশন বজ্র গোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার মোট ৬৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, কলম ও একটি করে ব্যাগ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বানও জানান তারা।
চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু, আলমগীর হোসেন মালতিয়া, কয়ছর আহমেদ কমল, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক কামাল গোলদার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

