চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মাদরাসার দুইজন শিক্ষক নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। তাদের বাসটি আগে ছিল, কিন্তু পেছনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। নিহত দু’জন বাসের সামনের আসনে বসা ছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শ্বাস নিতে না পারার কারণে তাদের মৃত্যু হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

