ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত আসনটির মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে তিনি জয়ের বন্দরে পৌঁছে গেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত আসনটিতে ৫২ শতাংশ ভোট পড়েছে।

সর্বশেষ প্রাপ্ত ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট। আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

উল্লেখ্য, এই নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মির্জা ফয়সল আমীন ও দেলাওয়ার হোসেন ছাড়াও অন্য তিন প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।