আশুলিয়ায় মজুরি দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

ন্যূনতম বেতন বাড়ানোসহ তিন দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার সকালে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সোমবার বেলা ১১টার দিকে জানান, সকালে পোশাক শ্রমিকরা নবীনগর-চন্দ্রা সড়ক এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসির ভাষ্যমতে, রোববার নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিককে আটক করা হয়েছে। তবে সাভারের অন্যান্য পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি পালন করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন। এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা সড়কে এসে অবস্থান নিলে পুলিশ বাঁধা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। এছাড়া নিউ এইজ পোশাক কারখানার দুই শ্রমিককে রোববার পুলিশ আটক করেছে বলে ওই কারখানার শ্রমিকরা আজকেও বিক্ষোভ করছেন। পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আটক করার বিষয়টিকে তিনি নিন্দা জানান।

নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু পুলিশ এসে আমাদের ধাওয়া দিচ্ছে। তিনি রোববার গ্রেপ্তারকৃত দুই পোশাক শ্রমিককে অনতিবিলম্বে মুক্তির দাবি জানান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সোমবার কতগুলো কারখানা চালু রয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে সাভারের পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।