মহাসড়কে এআই অটো ফাইন সিস্টেমে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির এই অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল এবং উল্টোপথে যানবাহন চালানোর মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করা এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে হাইওয়ে পুলিশ এই প্রযুক্তি চালু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পুরো মহাসড়ককে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে ইতোমধ্যে ৪৯০টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নতুন এই সিস্টেমের মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত হওয়ার পর নিবন্ধিত মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরবর্তীতে নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।