বাংলাদেশে ‘ধর্ষণ ও বিচার’ অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। ঔপনিবেশিক আইনের সীমাবদ্ধতা, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, বৈবাহিক ধর্ষণের আইনি অস্বীকৃতি এবং প্রমাণের জটিলতা প্রতিনিয়তই ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে। আজকের আইনের শিক্ষার্থীরাই আগামী দিনের বিচার বিভাগের কর্ণধার ও নীতিনির্ধারক। তাই বিদ্যমান আইনি ব্যবস্থার দুর্বলতা ও সংস্কারের প্রাসঙ্গিকতা নিয়ে ভবিষ্যৎ নীতিনির্ধারকদের বিশ্লেষণধর্মী ও যুগোপযোগী মতামতগুলো সংকলন করেছেন আমানুর রহমান।
বাংলাদেশে ধর্ষণের আইনি সংজ্ঞা নির্ধারিত হয়েছে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৫ ধারায়। ঔপনিবেশিক আমলে প্রণীত এই আইনে আধুনিক সময়ের ‘সম্মতি’ কিংবা বৈবাহিক ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত। অন্যদিকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও সমাজে এই অপরাধ কমছে না। এর প্রধান কারণ শাস্তির অভাব নয়, বরং শাস্তি প্রয়োগের অনিশ্চয়তা। তদন্তের দীর্ঘসূত্রিতা, প্রমাণ সংগ্রহে দুর্বলতা, সাক্ষীর নিরাপত্তাহীনতা এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়ার সুযোগে অপরাধীরা পার পেয়ে যায়। অপরাধবিজ্ঞানও সমর্থন করে যে, শাস্তির মাত্রার চেয়ে শাস্তির নিশ্চয়তাই অপরাধ দমনে বেশি কার্যকর। তাই কেবল শাস্তির মাত্রা বাড়ালেই হবে না, বরং আইনের আধুনিকায়ন ও একটি ভুক্তভোগীবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি, মত দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন ইফান।
ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়ায় একসময় ভুক্তভোগীর অতীত চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাঁকে দ্বিতীয়বার মানসিক নির্যাতনের মুখে ঠেলে দেওয়া হতো। তবে সাক্ষ্য আইন, ১৮৭২-এর ১৫৫(৪) ধারা বাতিল ও ১৪৬(৩) ধারা সংশোধনের ফলে এই অমানবিক চর্চার অবসান ঘটেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আইন বিভাগের শিক্ষার্থী উম্মে জান্নাত সাচি মীম জানান, এখন ভুক্তভোগীর অতীত যৌনজীবন দিয়ে সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা মাপা যায় না। পাশাপাশি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৪ ধারা অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় প্রকাশ সম্পূর্ণ বেআইনি, যা তার সামাজিক সম্মান ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করে।
ধর্ষণ মামলার বিচারে কেবল মেডিকেল রিপোর্টের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ন্যায়বিচারের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী রিমন বড়ুয়ার মতে, শুধু মেডিকেল রিপোর্ট নয়, বরং পারিপার্শ্বিক সাক্ষ্য, আলামত ও ফরেনসিক বিশ্লেষণকে সমন্বিতভাবে মূল্যায়ন করা জরুরি। উচ্চ আদালত অপমানজনক ও অবৈজ্ঞানিক ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করে ভুক্তভোগীর মর্যাদা রক্ষায় যুগান্তকারী রায় দিয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আধুনিক ফরেনসিক প্রযুক্তি, কার্যকর ডিএনএ বিশ্লেষণ এবং একটি দক্ষ তদন্তব্যবস্থা গড়ে তোলা একান্ত প্রয়োজন।
দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৫ ধারার কারণে বৈবাহিক ধর্ষণ এখনো পূর্ণাঙ্গ অপরাধ হিসেবে স্বীকৃত নয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী নাজনীন আকন্দ পাতার মতে, বিয়ের মানেই স্ত্রীর নিঃশর্ত ও স্থায়ী সম্মতি—এই ঔপনিবেশিক ধারণা আধুনিক মানবাধিকার ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য। বৈবাহিক সম্পর্কে স্বাধীন সম্মতিকে আইনি স্বীকৃতি দেওয়া হলে বিচারব্যবস্থা আরও ন্যায়সংগত ও মানবিক হয়ে উঠবে।
এদিকে, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর কঠোরতার সুযোগ নিয়ে ব্যক্তিগত শত্রুতার জেরে মিথ্যা মামলা দায়েরের প্রবণতাও উদ্বেগজনক। খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তারেক খান বলেন, আইনের অপব্যবহার রোধ এবং প্রকৃত অপরাধীদের শাস্তি বিধানে সঠিক তদন্ত, সাক্ষীর সুরক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। মামলা প্রমাণ না হওয়া মানেই সেটি মিথ্যা নয়, তাই উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা এবং প্রমাণে ব্যর্থ অভিযোগের পার্থক্য বোঝা জরুরি।
নারী ও শিশু নির্যাতন রোধে ১৮০ দিনে বিচার শেষের বিধান থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন জানান, তদন্তে জবাবদিহিতার অভাব, ত্রুটিপূর্ণ ফরেনসিক ব্যবস্থা, মেডিকেল রিপোর্টে কারসাজি এবং মামলার জটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা দেখা দেয়। ফলে ভুক্তভোগীরা চরম মানসিক ও অর্থনৈতিক ভোগান্তির শিকার হন। তদন্ত ও ফরেনসিক ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও আধুনিক করার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিই নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে সহায়ক হবে।
এই আইনের ১৭ এবং দণ্ডবিধির ২১১ ধারা অনুযায়ী, হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের কঠোর শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। তবে আমাদের মনে রাখতে হবে, মামলা প্রমাণ না হওয়া মানেই সেটি মিথ্যা নয়। ত্রুটিপূর্ণ তদন্ত বা সাক্ষ্য-প্রমাণের অভাবেও অনেক সময় মামলা খারিজ হয়। তাই উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা এবং প্রমাণে ব্যর্থ অভিযোগের পার্থক্যটি সঠিকভাবে বোঝা অত্যন্ত জরুরি। আইনের অপব্যবহার রোধ এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানে সঠিক তদন্ত, সাক্ষীর সুরক্ষা, দ্রুত বিচার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। — মোহাম্মদ তারেক খান, শিক্ষার্থী, আইন বিভাগ, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি

