বলিউডে দীর্ঘ শিফটে কাজ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা বিতর্ক চলছে। দীপিকা পাড়ুকোনসহ বেশ কয়েকজন তারকা কর্মঘণ্টা নিয়ে প্রতিবাদমুখর হয়ে উঠলেও, এই বিতর্কের মধ্যেই দীর্ঘ সময় শুটিং করে আলোচনায় এসেছেন ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিনতা। প্রায় এক দশকের বিরতি ভেঙে ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে আসা এই অভিনেত্রী বর্তমানে কুনাল খেমুর পরিচালনায় ‘ভাইব’ সিনেমার কাজ করছেন। এই সিনেমার শুটিং করতে গিয়ে তিনি প্রতিদিন ১৮ ঘণ্টার মতো কাজ করেছেন বলে নিজেই জানিয়েছেন।
২ সেপ্টেম্বর মুম্বাইয়ে ‘ভাইব’ সিনেমার জমকালো ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বলিউডে দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে কথা বলেন প্রীতি। তিনি জানান, শুটিং দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে ফিরে যাওয়ার তাগিদেই তিনি প্রতিদিন লম্বা সময় কাজ করেছেন। এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ের জন্য ভারতে আসা প্রীতি চেয়েছিলেন যত দ্রুত সম্ভব কাজ শেষ করে পরিবারের কাছে ফিরতে।
উল্লেখ্য, বলিউডে অভিনেতাদের কর্মঘণ্টা নিয়ে বিতর্ক নতুন নয়। গত বছর দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যাওয়ার খবরের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এমনকি তিনি ‘কালকি’র মতো বড় সিনেমা থেকেও বাদ পড়েন। দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্ত নিয়ে নির্মাতাদের সঙ্গে তার মতবিরোধের খবরও তখন প্রকাশ পেয়েছিল।
‘ভাইব’ সিনেমাটিতে প্রীতি জিনতার পাশাপাশি অভিনয় করেছেন ‘লাপাত্তা লেডিজ’ খ্যাত স্পর্শ শ্রীবাস্তব, বংশিকা ধীর, যশপাল শর্মা ও দিনেশ লাল যাদব। ড্রঙ্গো ফিল্মসের ব্যানারে কুনাল খেমু ও চিরাগ নিহালানি প্রযোজিত সিনেমাটি অ্যামাজন এমজিএম স্টুডিওসের একটি প্রকল্প।

