মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি ও সম্ভাবনা

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক জোটে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে সরকারি পর্যায়ে নানা আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ চলছে। বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান এই চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাব্য ঝুঁকি ও সুবিধাগুলো খতিয়ে দেখছে। মূল্যায়ন প্রতিবেদনে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে আপাতত সতর্ক পর্যবেক্ষণ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং অন্যান্য পক্ষের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতীয় স্বার্থ, সাংবিধানিক অবস্থান এবং আঞ্চলিক ভারসাম্যের সুবিন্যস্ত মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ এসেছে।

এই জোটে যুক্ত হওয়ার তাৎপর্য বহুমুখী। একদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে সরাসরি কোনো আঞ্চলিক বা বৃহত্তর সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও বিদ্যমান। চুক্তিতে যুক্ত হলে যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার সুযোগ তৈরি হবে, তবে এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও প্রবাসী শ্রমবাজারের স্বার্থ সুরক্ষায় নতুন কূটনৈতিক সুযোগ তৈরি হতে পারে, কিন্তু ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে জটিলতা ও আঞ্চলিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কের গভীরতা এই চুক্তির ক্ষেত্রে একটি বড় নিয়ামক। দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য অংশীদার। ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে বাংলাদেশ ৫.৮০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা পাঁচ বছরের হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তাই সৌদি আরবের নিরাপত্তা নীতিতে পরিবর্তন এলে এর প্রভাব পরোক্ষভাবে বাংলাদেশের ওপরও পড়তে পারে। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সহযোগিতার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এতে যোগ দিলে তুরস্কের কাছ থেকে ড্রোন ও ইউএভি প্রযুক্তি, স্থলবাহিনীর আধুনিকীকরণ এবং নৌ ও সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সুযোগ পেতে পারে। পাকিস্তানের সঙ্গেও প্রতিরক্ষা সম্পর্কের নতুন পর্যায় তৈরি হতে পারে, তবে তা অবশ্যই স্বচ্ছ, সীমিত এবং ভারতবিরোধী কোনো কাঠামোর বাইরে হতে হবে।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদান একটি গভীরতর সম্মিলিত প্রতিরক্ষা কাঠামোতে যুক্ত হওয়ার শামিল, কারণ এতে একটি রাষ্ট্র আক্রান্ত হলে অন্য সদস্যদেরও তাতে জড়িয়ে পড়ার নীতিগত প্রতিশ্রুতি থাকে। এই চুক্তিতে যোগদানের যৌক্তিকতা মূলত সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, সংবিধানের সঙ্গে সামঞ্জস্য এবং ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করবে। তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৌ প্রযুক্তিতে সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া রেড সি ও ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতায় যুক্ত হয়ে বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রপথের নিরাপত্তা জোরদার করার সুযোগ তৈরি হবে।

ঝুঁকির বিষয়ে বলা হয়েছে, সরাসরি সামরিক জোটে যুক্ত হলে ভবিষ্যতে কোনো আঞ্চলিক সংঘাতে পক্ষ নেওয়ার চাপ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের কোনো সংঘাত সৌদি নেতৃত্বাধীন কাঠামো ও ইরানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিলে বাংলাদেশের জন্য ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিকে ভারত নেতিবাচকভাবে দেখলে আঞ্চলিক কূটনীতিতে জটিলতা তৈরি হতে পারে। এছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলে এই নিরাপত্তা অক্ষের স্থিতিশীলতা বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের জন্য সরাসরি গুরুত্বপূর্ণ। বাব এল-মান্দেব বা লোহিত সাগরের নিরাপত্তা বিঘ্নিত হলে জাহাজ চলাচলের সময়, ফ্রেইট খরচ ও জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

ভারত ও চীনের সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ভারত এই চুক্তি এবং এতে পাকিস্তানের সম্পৃক্ততাকে নিজস্ব কৌশলগত নিরাপত্তার জন্য সংবেদনশীল বিষয় হিসেবে দেখছে। ভারত-পাকিস্তান সম্ভাব্য সংঘাতকে এখন আর নিশ্চিতভাবে দ্বিপক্ষীয় বিষয় হিসেবে ধরে নেওয়া যাবে না। তবে চীন সম্ভবত এই চুক্তিকে সরাসরি বিরোধিতা না করে সতর্কভাবে পর্যবেক্ষণ করবে এবং একে মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব হ্রাসের একটি বিকল্প কাঠামো হিসেবে ইতিবাচকভাবে দেখতে পারে। মক্কা জোটে থাকলেই যুদ্ধের বাধ্যবাধকতা নিয়ে উদ্বেগের বিষয়ে বলা হয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বা ২০২৬ সালের জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার পরও বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়ায়নি। এটি মূলত একটি প্রতিরক্ষামূলক জোট, আক্রমণাত্মক নয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কোনো দেশের এই চুক্তিতে যোগ দেওয়া তাদের নিজস্ব বিষয় হলেও ভারত এর ওপর সার্বক্ষণিক নজর রাখছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ-পাকিস্তানের অন্তর্ভুক্তি থাকা কোনো সামরিক জোটে যোগ দিলে ভারতের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার সমীকরণ জটিল হতে পারে। প্রতিবেদনে স্বয়ংক্রিয় সামরিক জোটের বাধ্যবাধকতায় যুক্ত না হওয়ার প্রস্তাব দিয়ে কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে আছে সৌদি আরবের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও প্রযুক্তি নিয়ে সংলাপ এবং তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব দেওয়া। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে একটি স্থায়ী বিশ্লেষণ কাঠামো তৈরি করার তাগিদ দেওয়া হয়েছে।

চুক্তি সম্পর্কিত যেকোনো সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের কিছু সীমারেখা নির্ধারণ করা উচিত। এর মধ্যে স্বয়ংক্রিয় সম্মিলিত যুদ্ধ প্রতিশ্রুতি গ্রহণ না করা, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে অংশ না নেওয়া এবং বাংলাদেশের ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি না দেওয়া অন্যতম। চূড়ান্ত সুপারিশে সৌদি আরবের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক গড়ে তোলা, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি সম্প্রসারণ এবং পাকিস্তানের সঙ্গে সীমিত ও ভারসাম্যপূর্ণ সামরিক সহযোগিতা বজায় রাখার কথা বলা হয়েছে। চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি প্রকাশিত না হওয়া পর্যন্ত একটি নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা বজায় রাখাই বাংলাদেশের জন্য অধিক যুক্তিসঙ্গত বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ৭ই আগস্ট মক্কার আল-সাফা রাজপ্রাসাদে এই ঐতিহাসিক ত্রিদেশীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। ন্যাটোর অনুচ্ছেদ-৫ এর আদলে এতে সদস্য দেশগুলোর ওপর সশস্ত্র আক্রমণকে অভিন্ন হুমকি হিসেবে গণ্য করার নীতি রয়েছে।