জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা না হলে দেশের রাজনীতিতে অস্থিরতা ও সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশের ও জনগণের বৃহত্তর স্বার্থে সরকারের যেকোনো ভালো উদ্যোগে জামায়াতে ইসলামী পূর্ণ সহযোগিতা করবে। তবে জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে দলটি কঠোর অবস্থান নেবে। এক্ষেত্রে তাদের ভূমিকা হবে সম্পূর্ণ অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। একই সঙ্গে রাজপথের আন্দোলনও অহিংস রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, সভায় দেশের চলমান জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান, টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীরা জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও স্পষ্ট করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তারা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চেয়েছেন, তারা গণভোটের রায় মেনে নেবেন কি না।
বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে ও সংসদের বাইরে দলটির গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন উপস্থিত টেলিভিশন নির্বাহীরা। এছাড়া সভায় গণমাধ্যমের দায়িত্ব নিয়ে আলোচনার পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। জামায়াতের কোনো ভুলত্রুটি থাকলে তা খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।
ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যা নিয়েও সভায় আলোচনা হয়েছে জানিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, টেলিভিশন চ্যানেলগুলোর নির্বাহী প্রধানরা চাকরির নিরাপত্তাসহ বেতন কাঠামো ও ওয়েজ বোর্ডের মতো বিভিন্ন কাঠামোগত সুবিধার ঘাটতির কথা জানিয়েছেন। এসব সমস্যা একটি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের সামনে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে এবং জামায়াত আমির এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছেন।
মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ ও বার্তা বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

