সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় রকেট লঞ্চার নিক্ষেপের মতো গুরুতর অভিযোগও উঠেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে এক পক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, যার ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা সীতাকুণ্ড পৌরসভার এলকে সিদ্দিকী স্কয়ারে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ও র‍্যালির আয়োজন করেছিলেন। অন্যদিকে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের সমর্থকেরা দুপুর ২টায় উপজেলা পরিষদের বিপরীতে মুনস্টার কমিউনিটি সেন্টারে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন।

উত্তেজনার সূত্রপাত হয় সকাল ১১টার দিকে, যখন আসলাম চৌধুরীর অনুসারীরা কাজী সালাউদ্দিনের পক্ষের ঘোষিত কর্মসূচিস্থল নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীতাকুণ্ড থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন। পরে সালাউদ্দিনের সমর্থকেরা ন্যাশনাল হাসপাতালের সামনে জড়ো হন। দুপুর ১টার দিকে তারা মিছিল নিয়ে এগোতে চাইলে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একের পর এক প্রায় ১০-১২টি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় আসলাম চৌধুরীর অনুসারীদের কয়েকজন সশস্ত্র অবস্থায় ছিলেন এবং তারা কাজী সালাউদ্দিনের সমর্থকদের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করে দেন। এ সময় ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। সংঘর্ষের মধ্যে রকেট লঞ্চার ব্যবহারের অভিযোগও উঠেছে, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে কী ধরনের অস্ত্র বা বিস্ফোরক ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি।

এই সংঘর্ষের প্রতিবাদে দুপুর ২টার দিকে ক্ষুব্ধ হয়ে কাজী সালাউদ্দিনের অনুসারীরা সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা এই অবরোধ চলায় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে। বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির একাংশ মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সার্বিক বিষয়ে কাজী সালাউদ্দিন বলেন, তার সমর্থকেরা সীতাকুণ্ড পৌরসভা মাঠে অবস্থান করছিলেন এবং তিনি নিজে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছিলেন। অন্যদিকে, আসলাম চৌধুরীর অনুসারী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর দাবি করেন, কর্মসূচিস্থলে আসলাম চৌধুরী নিজে না থাকলেও তাদের নারী সমর্থকেরা সেখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি শেষ করে আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় একটি আনন্দ মিছিল বের করা হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রকাশ্যে এমন সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া ও মহাসড়ক অবরোধের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।