জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর তিনি সত্যের আরাধনা, বস্তুনিষ্ঠতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে একটি বিশ্বমানের সংবাদ সংস্থায় রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর বাসস কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সংবাদে নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিকতা হলো সত্যের আরাধনা, যেখানে সাদাকে সাদা এবং কালোকে কালো বলা হয়। তার মতে, বাসস পরিবারের প্রতিটি সদস্যের দায়বদ্ধতা কেবল রাষ্ট্র এবং দেশের সাধারণ মানুষের প্রতি। তিনি সকলকে নিয়ে রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের আহ্বান জানিয়ে নতুন এমডি বলেন, তিনি নিজেকে এমডি বা প্রধান সম্পাদক হিসেবে নয়, বরং সহকর্মী হিসেবেই বিবেচনা করেন। মাঠের সংবাদকর্মী হিসেবে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এখানে ব্যক্তিপূজা বা ক্ষমতার দাপট দেখানোর কোনো সুযোগ নেই। নানা রঙের ফুল দিয়ে যেমন একটি সুন্দর মালা গাঁথা হয়, তেমনি সবাইকে নিয়ে একটি পেশাদার ও সুবাসিত বাসস পরিবার গড়ে তোলাই তার লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, বাসস একসময় অত্যন্ত প্রাণবন্ত ও প্রভাবশালী প্রতিষ্ঠান ছিল। আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রপ্রধানদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং গুণগত প্রতিবেদনের মাধ্যমে এ সংস্থা দেশের সব জাতীয় পত্রিকায় পরিচিতি পেত। তিনি আশা প্রকাশ করেন, একজন অভিজ্ঞ সাংবাদিক নেতা ও দক্ষ সংগঠককে শীর্ষ পদে পাওয়ায় প্রতিষ্ঠানটির সেই ঐতিহ্য পুনরায় ফিরে আসবে।
উল্লেখ্য, রবিবার সকাল ১০টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার কাছে কাদের গনি চৌধুরী তার যোগদানের আনুষ্ঠানিক পত্র জমা দেন। এরপর দুপুর ১২টায় বাসস কার্যালয়ে পৌঁছালে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বাসস এমপ্লয়িজ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ডিইউজের বাসস ইউনিটের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।
বাসসের সিটি এডিটর মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, ডিইউজে যুগ্ম সম্পাদক দিদারুল আলম এবং ডেপুটি ইউনিট চিফ জিএম রাজিব হোসেন। অনুষ্ঠানে বাসসের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

