শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী ১ জন অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেল লাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিম পাশের রেল সড়ক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রোববার বিকেলে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা রেল পুলিশকে বিষয়টি অবহিত করলে রেল পুলিশের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে। ট্রেনের ধাক্কায় নিহতের মাথা মারাত্মকভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, যার ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এজারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি বিকেলের দিকে ঘটেছে। তবে ঠিক কোন ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন তা এখনও জানা যায়নি। মরদেহের পাশ থেকে ১টি ব্যাগ উদ্ধার করা হয়েছে, যার ভেতরে কম্বলজাতীয় কিছু জিনিসপত্র রয়েছে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।