উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের কৃষিকে আধুনিক, বাণিজ্যিক ও প্রযুক্তিভিত্তিক খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে চলমান 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' বা 'পার্টনার' প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে যাত্রা শুরু করা এই প্রকল্পের চলতি বছরের জুন পর্যন্ত সার্বিক অগ্রগতি প্রায় ৪৭ শতাংশ।
প্রায় ছয় হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের অর্থায়নে রয়েছে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও বাংলাদেশ সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সাতটি সরকারি সংস্থার সমন্বয়ে দেশের ১৪টি কৃষি অঞ্চলের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় ২৮ হাজার ৫৯৭টি মাঠ স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে প্রায় ১৮ হাজার ৫০০টির কার্যক্রম বর্তমানে চলমান। এছাড়া কৃষকদের উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণের ২০ হাজার ব্যাচের মধ্যে চার হাজার ৫০০টি এবং কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের ৩০টি ব্যাচের মধ্যে ২৭টি সম্পন্ন হয়েছে।
প্রকল্পের অন্যতম প্রধান উদ্যোগ হলো কৃষক কার্ড। চলতি আগস্ট মাসে ১০ লাখ এবং এই বছরের মধ্যে মোট ৪৭ লাখ কৃষককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে প্রায় ১৪ লাখ কৃষকের তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। প্রকল্পের কোর্ডিনেটর আবুল কালাম আজাদ জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকদের ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি সোনালী, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষকদের আন্তর্জাতিক ডেবিট কার্ড দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের অর্থায়ন পদ্ধতি ফলাফলভিত্তিক হওয়ায় এর অগ্রগতি শুধুমাত্র ব্যয়ের হার দিয়ে মূল্যায়ন করা সঠিক নয় বলে জানিয়েছেন কোর্ডিনেটর আবুল কালাম আজাদ। তিনি জানান, বিশ্বব্যাংক ও ইফাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণ যাচাইয়ের পরই অর্থ ছাড় করা হয়। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পে ৫৪৩ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি রয়েছে এবং জুন ২০২৬ পর্যন্ত অর্জিত ফলাফলের বিপরীতে ২৫২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার ছাড়ের দাবি জানানো হয়েছে। তবে কিছু লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা প্রয়োজন। বর্তমানে অবকাঠামো ও ভৌত নির্মাণকাজ শুরুর জন্য ডিপিপি সংশোধনের প্রক্রিয়া চলছে।

