নড়াইলে হিন্দু বাড়িতে হামলার তথ্য মিথ্যা ও বানোয়াট: পুলিশ সুপার

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। এছাড়া কোনো হিন্দু পরিবার বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার কোনো ঘটনাও ঘটেনি। পুলিশ সুপারের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে অথবা পূর্বে ধারণ করা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ঘটনার প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি হত্যাকাণ্ডের জেরে ভিকটিমদের আত্মীয়-স্বজন ও উত্তেজিত জনতা বেন্দারচর গ্রামে সমবেত হয়। তারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যায়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।