মানিকগঞ্জের ঘিওর উপজেলা সরকারি খাদ্য গুদামে (এলএসডি) এক নজিরবিহীন জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। সরকারি গুদাম থেকে ১০০ টন চাল ও ২০ টন গমসহ মোট ১২০ টন খাদ্যশস্যের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া গুদাম থেকে ৬ হাজার ৫০০টি খালি বস্তাও গায়েব হয়ে গেছে। তবে বিস্ময়করভাবে সরকারি হিসেবে না থাকা ৪১ টন ধান অতিরিক্ত মজুত পাওয়া গেছে। এই গুরুতর অনিয়মের দায়ে ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) শ্রী বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের তত্ত্বাবধানে সারা দেশের গুদামগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ অডিট কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে গত ২৫শে আগস্ট খাদ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি তদন্ত দল ঘিওরে সরজমিন পরিদর্শনে যায়। তারা গুদামের খাতাপত্রের সঙ্গে প্রকৃত মজুত মিলিয়ে দেখেন যে, বড় ধরনের গরমিল রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং ঘিওর এলএসডি সিলগালা করে দেয়া হয়।
তদন্তের পর গত বৃহস্পতিবার রাতে খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অভিযুক্ত দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান জানিয়েছেন, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি ঘিরে ১৫ই আগস্ট জমা দেয়া পাক্ষিক প্রতিবেদন নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রতি মাসে দুইবার মজুতের প্রতিবেদন পাঠান। সর্বশেষ ১৫ই আগস্ট পাঠানো রিপোর্টে গুদামের মজুত পুরোপুরি ঠিকঠাক দেখানো হয়েছিল। মাত্র ১০ দিনের ব্যবধানে কীভাবে ১২০ টন খাদ্যশস্য উধাও হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত দুই কর্মকর্তা বর্তমানে গা ঢাকা দিয়েছেন এবং তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

