রংপুরে চার খুনের তদন্তে কোনো গাফিলতি বরদাশত করা হবে না: পুলিশ কমিশনার

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মাহবুবুর রশীদ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এই ঘটনা ও মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর তদন্তের ধারাবাহিকতা চলমান রয়েছে। তদন্তে অনেক প্রশ্ন আসতে পারে, আর পেশাদারিত্বের সঙ্গে সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই পুলিশের দায়িত্ব।

তিনি আরও বলেন, চাঞ্চল্যকর এ ঘটনাটি নিয়ে সারাদেশে নানা ধরনের আলোচনা হচ্ছে। এসব আলোচনার প্রতিটি বিষয় যাচাই করে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সেজন্য যথাযথ জবাবদিহির মাধ্যমে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করাই পুলিশের লক্ষ্য। তদন্তে প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে এবং নতুন কোনো ক্লু পাওয়া গেলে তা যাচাই করে তদন্তের আওতায় আনা হবে।

আলামত নষ্ট করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, এটি একটি ক্রাইমসিন এবং আলামত সংগ্রহ করা আছে। এছাড়া মাদক সংক্রান্ত বিষয়ে তিনি জানান, এটি একটি সামাজিক সমস্যা এবং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে রংপুরে এর ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে বোন প্রীতিলতা চক্রবর্তীর পরিবারের সদস্যদের ফোন বন্ধ পেয়ে পূজা চক্রবর্তী খোঁজ নিতে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)। এ ঘটনায় রোববার ভোরে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করা হয়। আলোচিত এই মামলাটির তদন্তভার বর্তমানে কোতয়ালী থানা থেকে গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি জিনাত আলী।

এ ঘটনায় রোববার ভোরে একই এলাকা থেকে কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে (১৯) আটক করা হয়। ওইদিন বিকেলে নিহত চারজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নগরীর দখিগঞ্জ শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।