গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওয়াশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জৈনা বাজারের ইউটার্ন এলাকায় জড়ো হয়ে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন, যার ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানার বিভিন্ন সেকশনের শ্রমিকদের দুই থেকে তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মাসের ২৪ তারিখ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। আরিফ নামে কারখানার এক অপারেটর জানান, বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। ভাড়া বাসায় থাকা শ্রমিকরা বাড়ির মালিকদের চাপের মুখে রয়েছেন এবং নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই কেনাসহ পারিবারিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। অনেক শ্রমিক অভিযোগ করেছেন যে ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা তাদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।
স্থানীয়রা জানান, ওয়াশিন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃপক্ষ প্রায়ই শ্রমিকদের বেতন পরিশোধে গড়িমসি করে এবং এর আগেও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়কে নেমে বিক্ষোভ করতে দেখা গেছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

