বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের দায় নেই : তথ্য উপদেষ্টা

দেশে বর্তমানে চলমান বিদ্যুৎসংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, এই বিদ্যুৎসংকট মূলত বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পাপের ফল।

জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রী বিদ্যুৎসংকটকে অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন এবং জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার জনগণের কথা ভাবত না এবং ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় টিকে থাকার বাসনা ছিল তাদের। সরকারি কর্মকর্তারা এমন একটি সরকারের অধীনে কাজ করেছেন, যাদের নির্বাচিত হওয়ার বিষয়ে জনগণের কাছে কোনো দায় ছিল না।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছ থেকে বড় ধরনের বিজয় পেয়েছে। যে প্রত্যাশা ও প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে সরকার কাজ করছে। তবে এই কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতে দেশে একটি ভালো নির্বাচনীব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। সরকারের সঙ্গে জনগণের নিয়মিত যোগাযোগ থাকবে এবং জনগণের ইচ্ছাকে সরকার গুরুত্ব দেবে।

সরকারের কার্যক্রমের মূল্যায়নের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকারের ১৮০ দিন পার হয়েছে। এই সময়ের মধ্যে উপদেষ্টা ও বিশেষজ্ঞরা সরকারের বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন করছেন। আগামী ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কাজও মূল্যায়ন করা হবে। তিনি বলেন, পাঁচ বছর পর আমাদের জনগণের কাছে যেতে হবে এবং তখন কোন ক্ষেত্রে কী করেছি, সেটি বলতে হবে। সেই জবাবদিহির জায়গায় সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। সরকার কোন ধরনের নীতি ও কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে সবাইকে অবগত থাকতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেননি। আমাদের চেহারায় যদি তিনি ব্যালট পেপার দেখতেন, তাহলে দেশটাকে এই জায়গায় নিয়ে যেতেন না।

দেশের শিশু-কিশোরদের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বর্তমানে অনেক শিশু-কিশোর নানা ধরনের আসক্তিতে জড়িয়ে পড়ছে। তাদের শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সহপাঠ্য কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে হবে। এসব কার্যক্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব—এই ধারণাটিও শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি বিশ্বাস করেন, আমাদের শিশুরা সর্বক্ষেত্রে ভালো করবে এবং তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে হবে।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা সাংস্কৃতিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।