পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি। ২৮ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর নেটদুনিয়ায় আয়েশা গিলামানা নামেও পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১৩ লাখেরও বেশি। রাওয়ালপিন্ডির তক্ষশীলা শহরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ভাই নিয়ামাতুল্লাহ।
নিহত টিকটকারের ভাই নিয়ামাতুল্লাহর ভাষ্যমতে, ঘটনার দিন কাশিফ নামের এক যুবকের ফোন পেয়ে তিনি এবং তার বোন আসিমাকে নিয়ে শামসো বিবি বাসা থেকে বের হয়েছিলেন। এরপর একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে শামসো বিবি ঘটনাস্থলেই প্রাণ হারান। একই হামলায় তার বোনও গুরুতর আহত হয়েছেন।
শামসো বিবির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির কাছে টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে তিনি আগে থেকেই খুনের হুমকি পাচ্ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের একটি ভিডিও ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হত্যাকারীদের দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। জনপ্রিয় এই তারকার হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তার পরিবার ও অসংখ্য অনুরাগী।

