২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আসল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন ট্রাম্প। তার আগমনকে কেন্দ্র করে স্টেডিয়ামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যার ফলে দর্শক, সাংবাদিক ও স্টেডিয়াম কর্মীদের দীর্ঘ সময় নিরাপত্তা তল্লাশির লাইনে অপেক্ষা করতে হয়।
ম্যাচের নবম মিনিটে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও ট্রাম্পের হাতে আসল বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ট্রাম্প ট্রফিটিতে আলতোভাবে তিনবার স্পর্শ করেন এবং রোনালদোর সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে বিতর্ক শুরু হয়। অনেকের দাবি, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি কেবল বিশ্বকাপজয়ী খেলোয়াড়রাই স্পর্শ করতে পারেন। ফলে ট্রাম্প ফিফার কোনো নিয়ম ভঙ্গ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে ফিফা জানিয়েছে, তাদের নির্দেশিকায় এমন কোনো বিধান নেই যে কেবল বিশ্বকাপজয়ীরাই ট্রফি স্পর্শ করতে পারবেন। সংস্থার প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রপ্রধান, ফিফার কর্মকর্তারা এবং সাবেক বিশ্বকাপজয়ীদের মতো নির্বাচিত ব্যক্তিরা বিশেষ অনুমতি সাপেক্ষে মূল ট্রফি স্পর্শ করার অধিকার রাখেন। সে হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ট্রফি স্পর্শ করা ফিফার কোনো নিয়মের লঙ্ঘন নয়।
বিশ্বকাপ ট্রফি স্পর্শ করা নিয়ে অতীতেও বিভিন্ন সময় বিতর্ক হয়েছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর পপ তারকা রিহানা ট্রফি হাতে ছবি তোলায় আলোচনা সৃষ্টি হয়েছিল। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার শিরোপা উদযাপনের সময় মাঠে নেমে ট্রফি হাতে ছবি তুলে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় শেফ ‘সল্ট বে’। খেলোয়াড়দের বিরক্ত করা এবং ফিফার প্রটোকল ভঙ্গের অভিযোগে তাকে নিয়ে ব্যাপক তদন্তও হয়েছিল।

