ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হতে যাচ্ছে। তবে এই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। উল্টো দুই দেশই একে অপরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে আসছে।

এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা তুলতে’ বলেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প জানান, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সরাসরি একটি ব্যাকচ্যানেল যোগাযোগ স্থাপন করেছে। তবে চলমান এই সংঘাত দ্রুত অবসানের জন্য তার ওপর কোনো চাপ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা পোকার খেলায় বেশ দক্ষ, কিন্তু বর্তমানে তারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সংঘাত অবসানের জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং তিনি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই। তার ভাষায়, আমার কোনো সময়সূচি নেই।

অন্যদিকে, ইরান পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গেছে। এছাড়া ভবিষ্যতে কোনো ধরনের হামলা চালানো হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলেও তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।