কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রমের উদ্বোধন

সরকারের ছয় মাস মেয়াদের মধ্যে গৃহীত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। আজ রোববার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ৪৩২ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত এবং একটি গির্জার ২ জন যাজকসহ মোট ৪৪৪ জনকে সম্মানি প্রদানের মাধ্যমে এই মহতী কার্যক্রমের সূচনা হবে। বিকাল ৪টায় শুরু হতে যাওয়া এই একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদান প্রদান করবেন।

কিশোরগঞ্জ জেলায় এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। দিনব্যাপী এই সফরের শুরুতে সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে উপস্থিত হবেন। সেখানে দুপুর ১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন প্রধানমন্ত্রী।

দুপুর পৌনে দুইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা আড়াইটায় সরকারের উন্নয়ন কাজের উদ্বোধন এবং জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। এরপর বিকাল সোয়া তিনটায় সার্কিট হাউসে ৪৫ মিনিট অবস্থানের পর বিকাল ৪টায় স্টেডিয়ামের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। সকল কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম জানান, জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণে এই সফর নতুন দিগন্ত উন্মোচন করবে বলে স্থানীয়রা আশা করছেন।