জর্ডানে ইরানের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার (১৭ জুলাই) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় আরও একজন মার্কিন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সেন্টকমের বিবৃতিতে জানানো হয়, জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় হতাহতের এই ঘটনা ঘটে। হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে জর্ডানের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া সামান্য আঘাত পাওয়া কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তারা ইতিমধ্যে নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন।
নিহত সেনাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে সেন্টকম। বাহিনীর নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম ও পরিচয় গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লিখেছেন, ‘বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।’

