লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এই অংশীদারিত্বের লক্ষ্যে চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের সব ধরনের স্মার্ট গ্যাজেট ও অ্যাক্সেসরিজ বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস।
প্রাথমিক পর্যায়ে বাজারে স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার ও হেডফোন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও আধুনিক লাইফস্টাইল পণ্য দেশের গ্রাহকদের জন্য নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্মার্ট টেকনোলজিসের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, মাত্র চার বছরের ব্যবধানে হাইফিউচার বিশ্বের ৯০টি দেশে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের ডিজাইন এবং প্রতিযোগিতামূলক দামের কারণে ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারেও বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, স্মার্ট টেকনোলজিসের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছে দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশের আইটি ও ইলেকট্রনিক্স মার্কেট এবং শোরুমগুলোতে হাইফিউচারের পণ্যগুলো পাওয়া যাবে। এছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে গ্রাহকরা এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

