ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, শান্তি পরিকল্পনার সর্বশেষ ধাপ বাস্তবায়নের বিষয়ে তারা সম্মত আছেন। এই পর্যায় অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলে একটি নবগঠিত ফিলিস্তিনি শাসক কমিটির কাছে অস্ত্র হস্তান্তর করার কথা রয়েছে।
এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার অধীনে হামাসের নিরস্ত্রীকরণে সম্মত হওয়ার বিষয়টিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছিলেন। তবে শান্তি আলোচনার এই প্রক্রিয়া নিয়ে ইসরাইলের অবস্থানে ভিন্নতা দেখা দিয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছেন যে, ‘বোর্ড অফ পিস’-এর উপস্থাপিত খসড়াটির সবশেষ অংশে ইসরাইল এখনো সম্মত হয়নি।

