মেক্সিকোর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শুক্রবার (১৭ জুলাই) আঘাত হেনেছে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলের কাছাকাছি এলাকায়। স্থানীয় সময় অনুযায়ী এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রতিবেশী দেশ গুয়াতেমালা এবং এল সালভাদরেও এর প্রভাব অনুভূত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেক্সিকো ও গুয়াতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু অংশে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিল। পরে মেক্সিকোর নৌবাহিনী জানায়, সমুদ্রের পানির উচ্চতা সীমিত পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পরপরই আতঙ্কিত সাধারণ মানুষ ঘরবাড়ি ও ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। গুয়াতেমালার বিভিন্ন এলাকায় ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে এবং কিছু অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।