ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ৬ আগস্ট হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমার মনে হয় যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। তারা আর খুব বেশি দিন এটি চালিয়ে যেতে পারবে বলে আমি মনে করি না।
তবে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কিছু উন্নত অস্ত্রের মজুত যে চাপের মুখে পড়েছে, তা খোলাখুলি স্বীকার করেছেন ট্রাম্প। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে পাঁচ মাস ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক মজুতের উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহার করে ফেলেছে।
অস্ত্রের মজুত নিয়ে করা প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কিছু অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ প্রায় সীমাহীন হলেও নির্দিষ্ট কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কমে এসেছে।
ভবিষ্যতের চাহিদা মেটানোর লক্ষ্যে মার্কিন প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে বলেও জানান ট্রাম্প। তিনি নিশ্চিত করেছেন যে, এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের নতুন স্থাপনাও অন্তর্ভুক্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত এবং অস্ত্রের এই মজুত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ যখন অব্যাহত, ঠিক তখনই ট্রাম্পের এই মন্তব্য সামনে এল।

