প্যারিসে প্রবাসীদের আলোচনায় রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যের আহ্বান

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স-এর উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো তৈরির আহ্বান জানান।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের ১৯তম প্রশাসনিক এলাকার ১৩ অ্যাভিনিউ দ্য ফ্লান্দ্রের একটি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, গবেষক, সমাজকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং পরিচালনা করেন কার্যকরী সদস্য শহিদুল ইসলাম। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি রাবেয়া আক্তার সুবর্ণার লেখা মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদাফ-এর প্রেসিডেন্ট তানভীর ওয়াদুদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হলে সময়োপযোগী রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। তিনি আরও মন্তব্য করেন যে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই একটি শক্তিশালী ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের অন্যতম শর্ত হলো একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। এজন্য সুশাসন, আইনের শাসন, মানবাধিকার রক্ষা এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করার ওপর তারা জোর দেন। জাতীয় স্বার্থে সব মতপার্থক্য ভুলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। একইসঙ্গে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংকটের সময় প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে বক্তারা জানান, রাষ্ট্র পুনর্গঠন ও দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভায় সরদার হাসান ইলিয়াস (তানিম), মীর জাহান, শহিদুল ইসলাম, ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, ফয়সাল আহমেদ, কাজী শাহীন, মো. জাহিদুল ইসলাম, জিয়াউদ্দিন চৌধুরী, অনুক্ত কামরুল এবং খালেদ মাহমুদ বক্তব্য রাখেন। এছাড়াও ব্যবসায়ী মেহরাব হোসেন ও দিদার আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতি আবুল খায়ের লস্কর দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।