পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতির প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য ২৬ জন ডিআইজির সার্ভিস রেকর্ড ও এসিআর যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এই পদোন্নতিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে পর্দার আড়ালে তীব্র লবিং ও পালটাপালটি অভিযোগের ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রায় তিন দশক আগের একটি গাছ কাটার বিতর্কিত ঘটনাকে এখন কিছু কর্মকর্তার পদোন্নতি ঠেকানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পদোন্নতি প্রত্যাশীদের মধ্যে অধিকাংশই বিসিএস ১৫ ও ১৭ ব্যাচের কর্মকর্তা। এর মধ্যে ১৫ ব্যাচের ৯ জন এবং ১৭ ব্যাচের ১৭ জন ডিআইজি রয়েছেন। অভিযোগ উঠেছে, কিছু দুর্নীতিগ্রস্ত ও দলবাজ ডিআইজি তাদের অধিকতর দক্ষ ও যোগ্য সহকর্মীদের পদোন্নতি বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছেন। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক তকমা লাগিয়ে এসব কর্মকর্তাদের পদোন্নতিবঞ্চিত রাখা হয়েছিল, আর এখন নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।
বিতর্কিত এই ঘটনাটি ১৯৯৩ সালের ৮ জুন পুলিশ সদর দপ্তরের মূল ভবনের সামনে রোপণ করা একটি 'ক্রিসমাস ট্রি' কেন্দ্রিক। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই চারা রোপণ করেছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারীর সময়ে পুলিশ সদর দপ্তরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে গাছটি কেটে সেখানে পানির ফোয়ারা নির্মাণ করা হয়। ওই সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে মো. মোখলেসুর রহমান দায়িত্বে ছিলেন। বর্তমানে অনেক কর্মকর্তা, যারা এই সিদ্ধান্ত গ্রহণের সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না, তাদের ওপরই গাছ কাটার দায় চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তৎকালীন দায়িত্ব পালনকারী মালীরা জানান, গাছটি রাতের আঁধারে কাটা হয়েছিল এবং কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা তখন উপস্থিত ছিলেন না।
ভুক্তভোগী কর্মকর্তাদের ভাষ্যমতে, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক পরিচয়ের কারণে তারা বারবার পদোন্নতিবঞ্চিত হয়েছেন। এখন রাষ্ট্রীয় পটপরিবর্তনের পর সেই বঞ্চনার অবসান হওয়ার কথা থাকলেও নতুন করে রাজনৈতিক তকমা দিয়ে পদোন্নতির পথ রুদ্ধ করার চেষ্টা চলছে। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম এ বিষয়ে বলেন, প্রতিপক্ষকে রাজনৈতিক দলের তকমা দিয়ে পদোন্নতি ঠেকানোর সংস্কৃতি আওয়ামী লীগ আমল থেকে শুরু হয়েছে। তিনি নিরপেক্ষভাবে বিষয়টি তদন্তের এবং সিস্টেম অনুযায়ী পদোন্নতি নিশ্চিত করার আহ্বান জানান।
বর্তমানে খালি থাকা ৫টি অতিরিক্ত আইজিপি পদের জন্য এই তীব্র প্রতিযোগিতা চলছে। প্রভাবশালী একটি গোষ্ঠী মেধার চেয়ে দলবাজিকে বড় যোগ্যতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। তবে পলাতক থাকায় এ বিষয়ে সাবেক আইজিপি ড. জাবেদ পাটোয়ারীসহ সংশ্লিষ্টদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

