ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা: নিহত ৮, ক্ষতিগ্রস্ত ৫ সেতু

ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ষষ্ঠ রাতের এই সামরিক অভিযানে অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় পাঁচটি গুরুত্বপূর্ণ সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবকাঠামো, সামরিক রসদ সরবরাহ ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যজুড়ে মোতায়েন থাকা ৫০ হাজারের বেশি মার্কিন সেনা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, টানা ষষ্ঠ রাতের এই হামলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন শহর লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এছাড়া হরমোজগান প্রদেশের বান্দার খামিরের কাছে দুটি সেতুতে পৃথক হামলায় সাতজন নিহত ও নয়জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি এবং হরমোজগান প্রদেশের সিরিক এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বান্দার আব্বাসের পশ্চিমে তিনটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেহের নিউজ এজেন্সির মতে, বান্দার আব্বাসে একটি টেলিযোগাযোগ টাওয়ার হামলার লক্ষ্য হতে পারে, যদিও এর আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পাঁচটি গুরুত্বপূর্ণ সেতুর মধ্যে গারিভেহ ও কাহুরেস্তান সেতু অন্যতম। এই সেতুগুলো ইরানের সামরিক চলাচল ও অভ্যন্তরীণ রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামলার ফলে বান্দার আব্বাস-শিরাজ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।