ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ, মশার কামড় থেকে সুরক্ষা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, মশাবাহিত এই রোগ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই, কারণ ডেঙ্গুর জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর ভ্যাকসিন বা সুনির্দিষ্ট ওষুধ নেই। তাই সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং চারপাশ পরিষ্কার রাখা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো এডিস মশা নিয়ন্ত্রণ। এডিস মশা মূলত বাড়ির ভেতর, বাইরে, ছাদ এবং বিভিন্ন জমে থাকা পানিতে জন্মায়। তাই বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলে দেওয়া প্রয়োজন। ফুলের টব, ড্রাম, বালতি, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের নিচে জমে থাকা পানি যেন পাঁচদিনের বেশি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ১৫৬ জন। এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের মতে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই কেবল হাসপাতালে সীমাবদ্ধ রাখা যাবে না; এটি শুরু হতে হবে বাড়ি, বিদ্যালয়, কর্মস্থল এবং স্থানীয় জনসমাজ থেকে। তিনি বলেন, রোগীকে দ্রুত শনাক্ত করা, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বৃষ্টির পর প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা গেলে এই বার্ষিক দুর্ভোগ থেকে দেশকে মুক্ত করা সম্ভব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান জানান, ডেঙ্গু জ্বরে তাপমাত্রা ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এ সময় মাথায় পানি দেওয়া ও শরীর মুছে দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। জ্বরের তীব্রতা বুঝে ছয় থেকে আট ঘণ্টা পরপর প্যারাসিটামল সেবন এবং পর্যাপ্ত তরল খাবার যেমন—ফলের রস, স্যুপ, ওরস্যালাইন ও ডাবের পানি পান করা জরুরি। তিনি আরও বলেন, এডিস মশা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে, তাই ঝোপঝাড় ও জলাশয় পরিষ্কার রাখার পাশাপাশি মশক নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

